

অনলাইন নিউজ ডেস্ক
ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাহফুজুর রহমান শিশির নামে এক সাংবাদিক আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানা গেছে।
মিছিলে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে কয়েকজন নেতাকর্মীর বাকবিতণ্ডার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় কিছু নেতাকর্মী সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন। এতে সাংবাদিকরা আপত্তি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে দৈনিক সকাল-এর রিপোর্টার মাহফুজুর রহমান শিশির আহত হন। ঘটনার পর তার মুখে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। পরে উপস্থিত সাংবাদিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন। তিনি বলেন, কর্মসূচিতে বহিরাগত কেউ প্রবেশ করে এমন ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
তবে হামলার ঘটনায় এখনো বিস্তারিত তদন্ত বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



