খেলাধুলা

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

অনলাইন নিউজ ডেস্ক

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই গোল করার দারুণ সুযোগ পেয়েও পেনাল্টি থেকে ব্যর্থ হন অধিনায়ক লিওনেল মেসি। তবে পরে সেই হতাশা কাটিয়ে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

ম্যাচের তৃতীয় মিনিটে আর্জেন্টিনার হয়ে ভালো একটি সুযোগ তৈরি করেন লাউতারো মার্তিনেজ। তবে অস্ট্রিয়ার দুই ডিফেন্ডারের চাপে বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি তিনি। রিপ্লেতে দেখা যায়, বক্সের ভেতরে মার্তিনেজকে ফাউল করেন অস্ট্রিয়ান ডিফেন্ডার স্তেফান পশ। ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির নির্দেশ দেন রেফারি।

স্পটকিক নিতে এগিয়ে যান মেসি। কিন্তু আর্জেন্টিনা অধিনায়কের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়, ফলে লিড নেওয়ার সুযোগ হাতছাড়া করে আলবিসেলেস্তেরা।

৩৩ মিনিটে আবারও গোলের কাছাকাছি পৌঁছে যায় আর্জেন্টিনা। এনজো ফের্নান্দেসকে দেওয়া একটি পাস ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন শ্লাগার। বল গিয়ে পড়ে মেসির পায়ে। তবে সেই সুযোগও কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা।

অবশেষে ৩৮ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার বাড়ানো ক্রসে থিয়াগো আলমাদা চমৎকার ডামি দেন। বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে অস্ট্রিয়ার জালে বল জড়িয়ে দেন মেসি। তার এই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসেও নতুন মাইলফলক স্পর্শ করেন মেসি। বিশ্বকাপে ২৮ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৭-তে। ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে টুর্নামেন্টটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button