

ময়মনসিংহের ভালুকায় ভোটারদের খিচুড়ি খাওয়ানোর ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আয়োজককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, তামাট এলাকায় জনৈক আসুর বাড়িতে খিচুড়ি রান্না করে ভোটারদের খাওয়ানো হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে ভালুকা মডেল থানার পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন জানান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ০৪(০১) ধারা লঙ্ঘনের দায়ে ২৭(ক) ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



