

কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির পথে এগোলে এই শুল্ক কার্যকর করা হবে বলে সতর্ক করেন তিনি। শনিবার দেওয়া এক কড়া বার্তায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, এমন কোনো পদক্ষেপ কানাডাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, চীন কানাডাকে পুরোপুরি গ্রাস করবে এবং দেশটির ব্যবসা-বাণিজ্য, সামাজিক কাঠামো ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে ধ্বংস করে দেবে। তিনি আরও জানান, কানাডা যদি চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সব কানাডিয়ান পণ্য ও সামগ্রীর ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্পের এই হুমকির পর সরাসরি তার নাম উল্লেখ না করলেও এক ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি দেশের অর্থনীতি রক্ষায় কানাডীয়দের দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানান। কার্নি বলেন, বিদেশি হুমকির কারণে দেশের অর্থনীতি এখন বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। অন্য দেশ কী সিদ্ধান্ত নেবে তা আমাদের নিয়ন্ত্রণে নেই, তবে নিজেদের অর্থনীতির সবচেয়ে বড় ক্রেতা আমরা নিজেরাই হতে পারি।



