

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ—এমন ঘোষণায় দেশের ক্রীড়াঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার খবরে যখন ক্রিকেটপ্রেমীরা হতবাক, তখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সাকিব আল হাসান।
এদিকে জানা গেছে, জাতীয় দলের আসন্ন সিরিজগুলোতে সাকিব আল হাসানকে ফের দলে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
বিশ্বকাপ ইস্যুর মধ্যে সাকিবের প্রসঙ্গ কীভাবে সামনে এলো—এ বিষয়ে বিসিবির পরিচালক আসিফ আকবর বলেন, ‘ক্রিকেট অপারেশনস সংক্রান্ত আলোচনায় কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের তালিকা নিয়ে কথা হচ্ছিল। সেই আলোচনার মধ্যেই একজন পরিচালক প্রস্তাব দেন যে সাকিব আল হাসান খেলতে আগ্রহী এবং তার সঙ্গে যোগাযোগও করা হয়েছে। বিষয়টি বিসিবি সভাপতিকে জানানো হয়েছে এবং সরকারিভাবে কীভাবে বিষয়টি মোকাবিলা করা হবে, তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তবে বোর্ডের পক্ষ থেকে আমরা সাকিবকে দলে দেখতে চাই।’
একই প্রসঙ্গে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, ‘বোর্ড থেকে সাকিবের সঙ্গে যোগাযোগ করে তাকে হোম ও অ্যাওয়ে উভয় ধরনের সিরিজ খেলতে পারবেন কি না জানতে চাওয়া হয়েছে। সাকিব জানিয়েছেন যে তিনি খেলতে চান, এরপরই তাকে দলে ফেরানোর বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।’



