

অনলাইন নিউজ ডেস্ক
নিজের বিরুদ্ধে এক টাকারও দুর্নীতির প্রমাণ দিতে পারলে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের উদ্দেশে এ চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বাজেট আলোচনা চলাকালে ২৭৪ বিধি অনুযায়ী ব্যক্তিগত কৈফিয়ত দেওয়ার সুযোগ চান হাসনাত আবদুল্লাহ। পরে তাকে এক মিনিট সময় দেওয়া হলে তিনি নিজের বক্তব্য নিয়ে ওঠা বিতর্কের ব্যাখ্যা দেন।
হাসনাত বলেন, তিনি কখনোই নিজের জন্য বরাদ্দ দাবি করেননি কিংবা বরাদ্দ থেকে বঞ্চিত না করার কথা বলেননি। বরং তার বক্তব্য ছিল, তার এলাকার সাধারণ মানুষ যেন কোনো কারণে উন্নয়ন ও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন।
তিনি আরও বলেন, সংসদে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে এমন মন্তব্য করা হয়েছে যে, তারা আগে রিকশায় চলাফেরা করলেও এখন গাড়িতে চড়েন। এ ধরনের অভিযোগের জবাবে তিনি সরকারের নিয়ন্ত্রণাধীন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে তদন্ত করার আহ্বান জানান।
সরকারদলীয় সদস্যদের উদ্দেশে তিনি বলেন, বর্তমানে ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সামরিক বাহিনী সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তাই অভিযোগের সুরে বক্তব্য না দিয়ে যথাযথ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা উচিত।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমার বিরুদ্ধে এক টাকার দুর্নীতি কিংবা কোনো ধরনের অসৎ উপায়ে অর্থ অর্জনের প্রমাণ পাওয়া গেলে আমি এই সংসদ থেকে ইস্তফা দিতে প্রস্তুত।”
তার এ বক্তব্যের পর সংসদে বিষয়টি নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।



