সারাদেশ

কুমিল্লায় মানববন্ধন শেষে গুলিবর্ষণ, স্কুলছাত্রসহ আহত ৭

অনলাইন নিউজ ডেস্ক

কুমিল্লা নগরীতে সন্ত্রাস ও মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ১২ বছর বয়সী স্কুলছাত্র প্রেমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নগরীর কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাব জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে কাটাবিল ও তেলিকোনা এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য ও মাদক কারবারিদের প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ এবং এলাকায় মাদক নির্মূলের দাবিতে বৃহস্পতিবার কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সচেতন নাগরিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে প্রেমসহ অন্তত সাতজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের নিয়ন্ত্রণে কিশোর গ্যাংয়ের সদস্যরাও সক্রিয় রয়েছে।

স্থানীয় বাসিন্দা আনোয়ার বলেন, এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা ও অস্ত্রের মহড়ার বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করায় এই হামলার ঘটনা ঘটেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। তবে ঘটনার পরপরই জড়িত ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button