জাতীয়

স্বাক্ষর জাল করে স্কুল পালানো ৪ ছাত্রকে ২০০ গাছের চারা রোপণের শর্তে ক্ষমা

অনলাইন নিউজ ডেস্ক

রাজবাড়ীর পাংশা উপজেলায় স্কুল ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ পুকুরে গোসল করতে গিয়ে উপজেলা প্রশাসনের হাতে ধরা পড়েছে চার স্কুলশিক্ষার্থী। পরে তদন্তে জানা যায়, তারা শিক্ষকের স্বাক্ষর জাল করে ছুটির আবেদন অনুমোদনের কপি তৈরি করে বিদ্যালয় ত্যাগ করেছিল।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাংশা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা পরিষদের পূর্ব পাশের পুকুরঘাটে স্কুল ইউনিফর্ম পরিহিত চার শিক্ষার্থীকে দেখতে পান। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে জানায়, টিফিনের বিরতিতে তারা সাঁতার কাটতে এসেছে।

তবে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, ওই শিক্ষার্থীদের কাউকেই ছুটি দেওয়া হয়নি। পরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে নিয়ে পুনরায় জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে, এক সহপাঠীর আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বিদ্যালয় থেকে বের হয়েছিল এবং পথে পুকুরে গোসল করছিল।

ঘটনার পর শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জিম্মায় দেওয়া হয়। বিকেলে তাদের অভিভাবকরা উপস্থিত হলে শিক্ষার্থীরা স্বীকার করে যে, তারা শিক্ষকের স্বাক্ষর জাল করে ছুটির আবেদন অনুমোদনের কপি তৈরি করেছিল এবং সেই কাগজ ব্যবহার করে বিদ্যালয় ত্যাগ করেছিল।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক জানান, উপজেলা পরিষদের ওই পুকুরে এর আগেও ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ কারণে সেখানে সতর্কতামূলক সাইনবোর্ড টানানো রয়েছে। শিক্ষার্থীদের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি, বিদ্যালয়ের দেয়াল টপকে বের হওয়া এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, চার শিক্ষার্থীই আসন্ন এসএসসি পরীক্ষার্থী। অভিভাবক ও শিক্ষকদের অনুরোধ বিবেচনায় নিয়ে তাদের শেষবারের মতো সতর্ক করা হয়েছে। পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে অভিভাবকের উপস্থিতিতে প্রত্যেক শিক্ষার্থীকে ২০০টি করে গাছের চারা রোপণের শর্তে ছেড়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button