স্থানীয়

সিলেটে উত্তাপহীন ভোট, যা বললেন মুক্তাদির-হাবিব-আরিফ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সিলেটে শান্ত ও উত্তেজনাহীন পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি থাকলেও তা তুলনামূলকভাবে কম দেখা গেছে।

 

সিলেট–১ আসনের সারদা হল, নগরের শিবগঞ্জ এলাকার স্কলার্সহোম এবং সিলেট–৪ আসনের গোয়াইনঘাট উপজেলার পূর্ব গুরুকচি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে এমন চিত্র পাওয়া যায়। বিভিন্ন প্রার্থী ভোট দেওয়ার পর নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সারদা হল কেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দেন। ভোট শেষে তিনি বলেন, তাঁর দেখা মতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোট গ্রহণ চলছে। যারা এখনো ভোট দেননি, তাদের দ্রুত কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার আল্লাহর মেহেরবানিতে আবার ফিরে এসেছে এবং ভোটের মাধ্যমেই জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হবে।

 

এর আগে সকাল ৮টা ২০ মিনিটে জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান শিবগঞ্জের স্কলার্সহোম কেন্দ্রে ভোট দেন। ভোট দিয়ে তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তিনি সন্তুষ্ট। দেশের সব কেন্দ্রে এ রকম পরিবেশ বজায় থাকলে ভোট উৎসবমুখর হবে এবং বিশ্ব একটি ইতিবাচক বার্তা পাবে বলেও মন্তব্য করেন তিনি। আগের রাতে কিছু কেন্দ্রে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে তিনি বলেন, সেগুলো ভুল বোঝাবুঝি থেকে হয়ে থাকতে পারে।

 

এদিকে সিলেট–৪ আসনের বিএনপি প্রার্থী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সকাল ১০টার দিকে গোয়াইনঘাটের পূর্ব গুরুকচি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোট শেষে তিনি শান্তিপূর্ণ পরিবেশের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং বলেন, নারী-পুরুষ ও বয়স্ক সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। সার্বিকভাবে সিলেটের বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শান্ত পরিবেশে ভোটগ্রহণ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button