

অনলাইন নিউজ ডেস্ক
বিএনপি সরকারের চার মন্ত্রীর পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার এ মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও কার্যকর করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিবর্তন করা প্রয়োজন।
পোস্টটি প্রকাশের পর বিভিন্ন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন। কেউ তার দাবির প্রতি সমর্থন জানান, আবার কেউ এর সমালোচনা করেন।
ইভা শাহরিন নামে এক ব্যবহারকারী মন্তব্যে লেখেন, একসঙ্গে চারজন মন্ত্রীকে পরিবর্তন করা কঠিন হলেও জনসাধারণ চাইলে তা সম্ভব। তিনি নাসীরুদ্দীনের দাবির সঙ্গে একমত বলে জানান।
অন্যদিকে, মুক্তাদির রশিদ নামে এক ব্যবহারকারী লেখেন, আগে নিজের দলকে সুসংগঠিত করার দিকে মনোযোগ দেওয়া উচিত। আর সুজন ইসলাম নামে আরেকজন মন্তব্য করেন, এই চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব নাসীরুদ্দীন পাটওয়ারীকেই দেওয়া হোক।
এদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সোমবার রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন একদল শিক্ষার্থী। টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তারা এ কর্মসূচি পালন করেন।



