জাতীয়

পটুয়াখালীতে বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় আহত ১০

অনলাইন নিউজ ডেস্ক

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলার অভিযোগ উঠেছে। বিএনপির দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় বাংলাবাজার এলাকা থেকে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলি ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একদল হামলাকারী অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী ও সমর্থক বলে তিনি দাবি করেন। হামলায় ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার খবর পেয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহতদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button