খেলাধুলা

মেসির নতুন কীর্তি, টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের রেকর্ড

অনলাইন নিউজ ডেস্ক

লিওনেল মেসি মাঠে নামবেন, আর নতুন কোনো রেকর্ড গড়বেন না—এ যেন এখন কল্পনাই করা যায় না। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই একের পর এক কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এবার জর্ডানের বিপক্ষে গোল করে যোগ করলেন আরও একটি অনন্য রেকর্ড।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি। ৬০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এরপর ৮০তম মিনিটে বক্সের ঠিক বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে দারুণ এক বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে টানা সাতটি ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়লেন মেসি। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের ম্যাচে টানা ছয় বিশ্বকাপ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জাইরজিনহো (১৯৭০)-এর রেকর্ডে ভাগ বসিয়েছিলেন তিনি। জর্ডানের বিপক্ষে গোল করে সেই রেকর্ড এখন এককভাবে নিজের করে নিলেন আর্জেন্টাইন মহাতারকা।

এছাড়া চলতি বিশ্বকাপে এটি ছিল মেসির ষষ্ঠ গোল। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষে করেছিলেন জোড়া গোল। ধারাবাহিক গোলের এই দারুণ ছন্দে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানে বড় ভূমিকা রাখছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button