

অনলাইন নিউজ ডেস্ক
বাংলাদেশও একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, দেশের বিভিন্ন সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারলে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশের ফুটবল বিশ্বমানের অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।
রোববার (২৮ জুন) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান জাতীয় ফুটবল দল ধারাবাহিকভাবে উন্নতি করছে। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াসহ জাতীয় দলের খেলোয়াড়রা ভালো পারফর্ম করছেন এবং দলটি আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, বাংলাদেশের লক্ষ্য এখন দক্ষিণ এশিয়ায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করা। আসন্ন নভেম্বরে অনুষ্ঠিতব্য সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভালো ফলের ব্যাপারে আশাবাদী সরকার। ২০০৩ সালে বাংলাদেশ সর্বশেষ সাফের শিরোপা জিতেছিল। দীর্ঘ বিরতির পর এবার সেই সাফল্য পুনরুদ্ধার করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, দেশের ক্রীড়াবিদদের সহায়তায় বর্তমানে ৩০০টি ক্রীড়া কার্ডের মাধ্যমে ভাতা দেওয়া হচ্ছে। শিগগিরই আরও ২০০টি কার্ড যুক্ত করে এ সংখ্যা ৫০০-তে উন্নীত করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ২৩ জন আনসার সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।



