

অনলাইন নিউজ ডেস্ক
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কে সাংবাদিক এবং কে সাংবাদিক নন—এ বিষয়টি নির্ধারণের জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম সভা এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন এবং বিদ্যমান বিধি-বিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সর্বোচ্চ সংখ্যক মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কমিটির সিদ্ধান্ত এমন হওয়া উচিত, যা সর্বজনগ্রাহ্য ও গ্রহণযোগ্য হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সব নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, গণমাধ্যম একটি বহুমাত্রিক ও বহুপক্ষীয় ক্ষেত্র, যেখানে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থান রয়েছে। তাই সংকীর্ণ বা পক্ষপাতমূলক সিদ্ধান্ত পরিহার করে অন্তর্ভুক্তিমূলক নীতি অনুসরণ করা প্রয়োজন।
তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক নেতৃত্বের প্রকৃত সক্ষমতা কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতেও গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের মধ্যেই প্রতিফলিত হয়।
তিনি উল্লেখ করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের অন্যতম রাজনৈতিকভাবে সংবেদনশীল মন্ত্রণালয়। ফলে এখানে নেওয়া প্রতিটি সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও সামাজিক প্রভাব বিবেচনায় রাখতে হবে। তিনি বলেন, কমিটির সদস্যদের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শিতার ওপরই সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা অনেকাংশে নির্ভর করবে।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।



