রাজনীতি

যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান

একটি রাজনৈতিক দলের এক নেতার নারীদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যারা নারীদের অসম্মান করে এবং মানুষের মর্যাদা বোঝে না, তাদের হাতে দেশ নিরাপদ হতে পারে না।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্রভাতী স্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর উচিত তাদের কর্মসূচি ও লক্ষ্য জনগণের সামনে তুলে ধরা। কিন্তু একটি দল নারীদের ঘরে বন্দি রাখার মানসিকতা দেখাচ্ছে এবং নারী নেতৃত্বে বিশ্বাস করে না বলেও প্রকাশ্যে মন্তব্য করেছে। তিনি অভিযোগ করেন, সম্প্রতি ওই দলের এক নেতা কর্মজীবী নারীদের নিয়ে অশালীন শব্দ ব্যবহার করেছেন, যা দেশের জন্য লজ্জাজনক।

তিনি বলেন, দেশের অধিকাংশ পরিবারে নারীরা কোনো না কোনোভাবে উপার্জনের সঙ্গে যুক্ত। বিশেষ করে পোশাকশিল্পে লাখো নারী কাজ করছেন। দ্রব্যমূল্যের চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নারীরাও সংসার চালাতে কাজ করছেন। এমন বাস্তবতায় নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য গ্রহণযোগ্য নয়।

ইসলামের দৃষ্টান্ত তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, হযরত খাদিজা (রা.) একজন সফল ব্যবসায়ী ছিলেন। অথচ যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, তারাই নারী নেতৃত্বকে অস্বীকার করছেন। তিনি অভিযোগ করেন, সমালোচনার মুখে পড়ে সংশ্লিষ্ট দলটি আইডি হ্যাকের অজুহাত দিয়েছে, যা বিশেষজ্ঞদের মতে বিশ্বাসযোগ্য নয়।

তিনি আরও বলেন, যারা নারীদের অসম্মান করে, মিথ্যার আশ্রয় নেয় এবং জনগণের ভোটাধিকার হরণ করেছে, তারা দেশপ্রেমিক হতে পারে না। এ বিষয়ে দেশের নারীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় এতে বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা বক্তব্য দেন।

এর আগে সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে জনসভার কার্যক্রম শুরু হয়। খুলনায় এটি তারেক রহমানের চতুর্থ সফর; সর্বশেষ তিনি ২০০৪ সালে সেখানে গিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button