

চট্টগ্রামের আনোয়ারায় জমি থেকে ঘাস পরিষ্কারকে কেন্দ্র করে ২৫ বছর আগে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর মামলার প্রধান আসামি মনিরুল হককে মৃত্যুদণ্ড এবং অপর ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মনিরুল হক। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৮ আসামি হলেন: ছাইফুল হক, বদরুল হক, আজিজুল হক, আবদুল রাজ্জাক, মো. রফিক, ছৈয়দুল হক, বাবুল হক এবং মো. হাছান। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে।
মামলার নথি অনুযায়ী, ঘটনা ঘটেছিল ২০০০ সালের ৭ জুলাই। চট্টগ্রামের আনোয়ারা এলাকায় জমির ঘাস পরিষ্কারকে কেন্দ্র করে বিরোধের জেরে আসামিরা নুরুল আবছার ও নুর আহম্মদের ওপর সশস্ত্র হামলা চালায়। লোহার রড ও আগ্নেয়াস্ত্র দিয়ে করা এই হামলায় নুর আহম্মদ গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান। ঘটনার পর ১১ জনের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বিচার শুরু হয় ২০০৪ সালের ২২ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে। দীর্ঘ দুই দশক ধরে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়। বিচার চলাকালীন দুই আসামি আলী আহম্মদ ও মো. গফুর মারা যাওয়ায় তাদের নাম মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম রায়ের সময় জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে রফিক, বাবুল হক ও আবদুল রাজ্জাক আদালতে উপস্থিত ছিলেন এবং তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানো হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মনিরুল হকসহ পলাতক বাকি আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।



