

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, বেপর্দা নারীদের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির সেলফি তোলেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মুফতি রেজাউল করিম বলেন, “মেয়েদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছে ইসলাম। আমরা তো কখনও বলিনি, ছেলেরা সরো, মেয়েরা আসো। অথচ এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মেয়েদের পাশে বসে সেলফি তোলে—বেপর্দা মেয়েদের সঙ্গে সেলফি তোলে। এটা ইসলামী আন্দোলন করতে পারে না।”
তিনি আরও বলেন, “পাঁচ আগস্টের পরে দেশে যখন অরাজকতা ছড়িয়ে পড়ে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যালঘুদের জান-মাল রক্ষা করার জন্য পাহারাদারি করেছে। করোনার সময়ে আমরা জানের ঝুঁকি নিয়ে মৃত মানুষের জানাজা ও দাফনের ব্যবস্থা করেছি। মানুষের দুঃসময়ে আমরা খাদেম হিসেবে কাজ করেছি।” এসময় তিনি হাতপাখা মার্কায় ভোট চেয়েছেন।
মুফতি রেজাউল করিম আরও উল্লেখ করেন, জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের আমেরিকা দূতাবাসে বসে ইসলামী আন্দোলনকে জঙ্গি প্রমাণ করার চেষ্টা করেছেন। তিনি বলেন, “আমরা ধিক্কার জানাই। ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে প্রায় ৩৮ বছর, কেউ দেখেছে আমরা জঙ্গি?”
বিকেলে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় তিনি বলেন, “বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম আজ পরাজিত। জামায়াতে ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করতে চায় না। আগের নিয়মে দেশ পরিচালনা করবে, তাদের সঙ্গে থাকার কোনো অর্থ নেই। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। আমাদের চিন্তা নেই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন।”
জনসভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার প্রার্থী ফজলুল করিম শাহরিয়ার এবং স্থানীয় নেতৃবৃন্দ।



