

অনলাইন নিউজ ডেস্ক
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে জুলাইকে কেন্দ্র করে ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।
সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, জুলাই শুধু একটি মাস নয়; এটি আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একটি ঐতিহাসিক অধ্যায়। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মোহাম্মদ সেলিম উদ্দিন অভিযোগ করেন, ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার এখন সেগুলোর বিপরীত অবস্থান নিয়েছে। সংবিধান সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন না করে জাতীয় ঐক্যে বিভক্তি তৈরি করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এ কারণে কেন্দ্রীয়ভাবে ঘোষিত জুলাইভিত্তিক কর্মসূচি বাস্তবায়নে ঢাকা মহানগর উত্তর সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান তিনি।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— ১ থেকে ১০ জুলাই গ্রাফিতি অঙ্কন, ১১ থেকে ১৬ জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়, ১৭ থেকে ৩০ জুলাই শহীদ হওয়ার ঘটনাস্থলভিত্তিক আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী, ২৪ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, ৩১ জুলাই মসজিদে মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল, ১ থেকে ৪ আগস্ট ওলামা, শ্রমিক ও মহিলা সমাবেশ এবং ৫ আগস্ট জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে গণমিছিল।



