রাজনীতি

আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি?

অনলাইন নিউজ ডেস্ক

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নারীদের অপমান করেছেন। তাঁর মতে, শফিকুর রহমানের মন্তব্য শুনে বোঝা যায়, ক্ষমতায় এলে নারী সমাজের জন্য কঠিন সময় শুরু হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলে তিনি এই মন্তব্য করেন।

জামায়াতকে উদ্দেশ্য করে রিজভী বলেন, “জান্নাতের কার্ড শেষ হয়ে গেছে? নারী সমাজকে হেনস্থা করার কারণ কি?” তিনি আরও বলেন, শফিকুর রহমানের আইডি হ্যাক হওয়ার কথা অল্প সময়ের জন্যই সত্য হতে পারে।

রিজভী বলেন, শফিকুর রহমানের মন্তব্যে নারী সমাজকে অপমান করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “আপনাদের বক্তব্য শুনে বোঝা যায়, ক্ষমতায় এলে নারী সমাজের দুর্দিন শুরু হবে।”

রিজভী প্রশ্ন করেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কি আপনারা মন্ত্রী হননি? এখন কেন বলছেন দলের প্রধান কোনো নারী হবে না? একজন নারীকেও কেন মনোনয়ন দেওয়া হলো না?”

জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, জামায়াতের আমির পুরো নারী সমাজকে অপমান করেছেন। তিনি যোগ করেন, যদি প্রমাণ না করা যায় যে শফিকুর রহমানের আইডি হ্যাক হয়েছে, তবে তাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।

অতীতে জামায়াতের স্বাধীনতাবিরোধী কার্যকলাপের কথাও উল্লেখ করে আফরোজা আব্বাস বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াত মা-বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, “শফিকুর রহমানকে নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। না হলে যে আগুন জ্বলে উঠবে, সেই আগুনে জামায়াত পুড়ে যাবে। মা-বোনদের জাতিকে পায়ের নিচে রাখতে চায় এই দল।”

তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারি নারীরা দেখিয়ে দেবেন, তাদের হেয় করে কোনো দল জিততে পারে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button