

অনলাইন নিউজ ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশে ইসলামী লেবাসধারী একটি দল রয়েছে, যার নাম জামায়াতে ইসলামী। তিনি অভিযোগ করেন, ইসলামের কথা বললেও দলটির মধ্যে প্রকৃত ইসলামের চর্চা নেই এবং তাদের কথা ও কাজে কোনো মিল পাওয়া যায় না।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের কড়া সমালোচনা করে রেজাউল করীম বলেন, ইসলামের নাম ব্যবহার করলেও তারা কখনোই প্রকৃত ইসলামী দল নয়। বরং নিজেদের স্বার্থ হাসিলের জন্য ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।
চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একা নয়; দেশের জনগণ তাদের সঙ্গে রয়েছে। তিনি জানান, দেশবাসীর দোয়ায় তার দল এককভাবে ২৭৮টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
তিনি আরও বলেন, অতীতের সরকারগুলোর মতো জেল-জুলুম, অন্যায়-অত্যাচার, দুর্নীতি ও অপশাসন বন্ধ করতে হলে দেশে ইসলামী শাসনব্যবস্থা কায়েম করতে হবে। শারিয়াহ আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ৯২ শতাংশ মুসলমানের এই দেশে ইসলামী হুকুমত ছাড়া প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিমউদ্দিন সরকার। এতে আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব আহম্মদ আব্দুল্লাহ ইউসুফ, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, মাওলানা হাবিবুর রহমান মির্জা, মাওলানা আব্দুল মতিনসহ অন্যান্য নেতারা।



