

গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সাড়ে ৮২ ঘণ্টার জন্য নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় নির্ধারিত এলাকার বাইরে কোনো ব্যক্তির অবস্থান নিষিদ্ধ থাকবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের কাছে পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি, নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত সংশ্লিষ্টরা এবং ওই এলাকার স্থায়ী বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।
এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।



