

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নবিষয়ক গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ভোটগ্রহণ শেষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদার ভূমিকা—সব মিলিয়ে গণতন্ত্রের প্রতি জাতির দৃঢ় অঙ্গীকার আবারও প্রমাণিত হয়েছে। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছে।
তিনি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের নিষ্ঠা ও পরিশ্রমেই এত বড় গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকে। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, জনগণই রাষ্ট্রক্ষমতার উৎস—এই সত্য আবারও প্রতিষ্ঠিত হয়েছে। একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে দেশ এগিয়ে যাবে। তার ভাষায়, এই নির্বাচন ছিল আনন্দ ও উৎসবের; এর মধ্য দিয়েই নতুন বাংলাদেশের এক নতুন যাত্রা শুরু হলো। এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে গণতন্ত্র আরও শক্ত ভিত্তি পাবে।



