স্থানীয়

লন্ডন প্রবাসী শফি হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। একই সঙ্গে হত্যার মূল রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ।

 

রোববার দুপুরে সিলেট জেলা পুলিশের মিডিয়া শাখা জানায়, গত শুক্রবার মামলার প্রধান আসামি জকিগঞ্জের বাসিন্দা সাব্বির আহমেদ (২১) গ্রেপ্তার হন। তার দেওয়া তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় শনিবার ২ নম্বর আসামি সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভন (২০)–কে নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকা থেকে আটক করা হয়। একই দিন অপর আসামি তাহিরুল হক (২০)–কে তার শ্বশুরবাড়ি লালাগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাহিরুলের কাছ থেকে নিহত শফির ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

 

এর আগে ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের মাসেরচক হাওর বিলপাড় থেকে বোরহান উদ্দিন শফির (৫৯) সম্পূর্ণ আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়। দুদিন পর জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পরে ১৮ ফেব্রুয়ারি মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সাব্বির ও শোভন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, প্রাথমিক তদন্তে ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য আলামত সংগ্রহ ও সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

নিহত বোরহান উদ্দিন শফি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা হলেও সিলেট নগরের আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন। তিনি লন্ডন প্রবাসী ছিলেন। গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button