

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রশাসনিক কাঠামো সংস্কার ও পুনর্গঠনের গুরুত্বপূর্ণ এই কমিটিতে তার অন্তর্ভুক্তি সংশ্লিষ্ট মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

নিকার মূলত দেশের প্রশাসনিক কাঠামো সংস্কারসংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত একটি উচ্চপর্যায়ের কমিটি। নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানা, সিটি করপোরেশন ও পৌরসভা স্থাপনের প্রস্তাব পর্যালোচনা ও অনুমোদন এ কমিটির অন্যতম প্রধান কাজ।
এ ছাড়া প্রশাসনিক ইউনিটগুলোর সীমানা পরিবর্তন বা পুনর্নির্ধারণ, নতুন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তর গঠন বা পুনর্গঠন এবং নাম পরিবর্তনের প্রস্তাবও নিকার সভায় পর্যালোচনা করা হয়।
কমিটির আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন এবং অগ্রগতি পরিবীক্ষণ করা। পাশাপাশি প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় নীতিমালা বা নির্দেশিকা প্রণয়ন ও হালনাগাদ করাও নিকার কর্মপরিধির অন্তর্ভুক্ত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক কাঠামোকে যুগোপযোগী, কার্যকর ও জনবান্ধব করতে নিকার নিয়মিতভাবে প্রস্তাবসমূহ যাচাই-বাছাই করছে। সরকারের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে এবং সেবার পরিধি বাড়াতে এ কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রশাসন সংশ্লিষ্টরা।



