

অনলাইন নিউজ ডেস্ক
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশ পুনর্গঠন, রাষ্ট্রীয় ভিত্তি শক্তিশালীকরণ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
শনিবার (৬ জুন) রাজধানীর মগবাজারে মুক্তিযোদ্ধা সংসদ অডিটরিয়ামে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনালগ্নে জিয়াউর রহমানের ভূমিকা জাতিকে দিকনির্দেশনা দেয় এবং যুদ্ধ পরিচালনায় সংগঠিত কাঠামো গড়ে তুলতে সহায়তা করে। তার প্রস্তাবের ভিত্তিতেই তেলিয়াপাড়া সম্মেলনে যুদ্ধের নাম ‘মুক্তিযুদ্ধ’ নির্ধারণ এবং সেক্টরভিত্তিক যুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত হয় বলে তিনি উল্লেখ করেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান সামরিক শাসন থেকে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনেন, বহুদলীয় রাজনীতির সুযোগ সৃষ্টি করেন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের উদ্যোগ নেন।
তিনি জিয়াউর রহমানকে সাদাসিধে ও মিতব্যয়ী রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করে বলেন, তিনি কৃষি ও গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিয়েছিলেন।
সভায় বক্তারা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



