

অনলাইন নিউজ ডেস্ক
দেশের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ধীরে ধীরে নিজস্ব স্বাতন্ত্র্য হারিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রভাববলয়ে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
শনিবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খাঁনের দাবি, এনসিপি একটি স্বাধীন রাজনৈতিক শক্তি হিসেবে বিকশিত হওয়ার সুযোগ থাকলেও বাস্তবে দলটি ক্রমশ জামায়াতের সমান্তরাল বা সহযোগী প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে।
পোস্টে তিনি উল্লেখ করেন, এনসিপির নেতৃত্বে থাকা কয়েকজন তরুণ নেতা অতীতে দলীয় অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও বর্তমানে তারা জামায়াত-শিবির সংশ্লিষ্ট ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করছেন। এর ফলে দলটির রাজনৈতিক অবস্থান ও স্বকীয়তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন ও বিকল্প রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তার কথা স্বীকার করে রাশেদ খাঁন বলেন, দেশে নতুন রাজনৈতিক ধারার উত্থানের সুযোগ ছিল। তবে তার মতে, বিদ্যমান কোনো রাজনৈতিক দলের সম্প্রসারিত সংস্করণ হিসেবে নতুন একটি দলের আবির্ভাব জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না।
এনসিপির সাংগঠনিক কাঠামো নিয়েও সমালোচনা করেন বিএনপির এই নেতা। তার দাবি, দলটির বড় একটি অংশ জামায়াত-শিবির সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা প্রভাবিত। এর ফলে এনসিপি ভবিষ্যতে আরও বেশি আদর্শিক ও সাংগঠনিকভাবে জামায়াতের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়তে পারে।
রাশেদ খাঁন আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক শূন্যতা পূরণে এনসিপির সামনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ ছিল। কিন্তু সাংগঠনিক দুর্বলতা ও রাজনৈতিক অবস্থানের কারণে দলটি সেই সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে বলে তিনি মনে করেন।



