

অনলাইন নিউজ ডেস্ক
ইসলামী ব্যাংক বাংলাদেশকে ঘিরে ধর্মীয় আবেগ ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, জামায়াতে ইসলামীও ‘ইসলাম’ নয়। তাই কোনো আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা করতে গিয়ে ধর্মকে সামনে আনা উচিত নয়।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে ৬৮ বিধিতে ইসলামী ব্যাংক সংক্রান্ত বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানের নোটিশের জবাবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের মালিকানা, শেয়ার হস্তান্তর এবং পরিচালনা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রকৃত ও বৈধ শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে বিভিন্ন প্রক্রিয়ায় ব্যাংকটির নিয়ন্ত্রণ পরিবর্তন হয়েছে এবং এখন সেই প্রভাব থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা চলছে। তিনি দাবি করেন, ব্যাংকটির বিভিন্ন কার্যক্রম, ঋণ বিতরণ, নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অভিযোগগুলোও তদন্তের আওতায় আনা হবে।
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যান নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইনে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী জনস্বার্থ, আমানতকারীদের স্বার্থ এবং ব্যাংকের স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। প্রয়োজনে চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ কিংবা ব্যবস্থাপনা পর্যায়ে পরিবর্তন আনারও আইনগত ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস), করপোরেট ঋণ বিতরণ, নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে। এসব বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ব্যাংকিং খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



