জাতীয়

রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী ব্যাংকের গোড়াপত্তন করেছিলেন

অনলাইন নিউজ ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশের স্থিতিশীলতা ও সুনাম রক্ষায় সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংকটির মর্যাদা পুনরুদ্ধার এবং আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে ব্যাংকিং খাতের বিভিন্ন ইস্যু এবং বিরোধী দলের উত্থাপিত নোটিশের জবাবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ব্যাংকটিকে কেন্দ্র করে কোনো ধরনের ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

ইসলামী ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপিত হয়নি। তবে ব্যাংকিং খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় তদন্ত ও নজরদারি অব্যাহত রেখেছে।

ব্যাংকটির চেয়ারম্যানকে ঘিরে বিরোধী দলের সমালোচনার বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করেছে এবং অনিয়মের কোনো প্রমাণ পায়নি। তিনি উল্লেখ করেন, কোনো ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা মূলত তার আর্থিক সক্ষমতা, আমানতের নিরাপত্তা এবং সেবার মানের ওপর নির্ভর করে।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংককে ঘিরে সাম্প্রতিক সময়ে যেসব কর্মসূচি ও প্রচারণা দেখা যাচ্ছে, সেগুলোর পেছনে বিশেষ কোনো মহলের উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। দেশের আর্থিক খাতকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে বলেও তিনি জানান।

অর্থমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান। এর স্থিতিশীলতা শুধু ব্যাংকটির জন্য নয়, সামগ্রিক ব্যাংকিং খাত ও অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। তাই গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button