

অনলাইন নিউজ ডেস্ক
গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের নেতা সাইফুল্লাহর মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সমাবেশ থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
রোববার (২১ জুন) রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, গাইবান্ধায় সাইফুল্লাহর ওপর হামলা এবং তার মৃত্যু একটি নিন্দনীয় ঘটনা। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে। একই সঙ্গে তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে সহিংসতার চর্চা পরিহারের আহ্বান জানান।
সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ বক্তব্য দেন। তিনি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, দেশে রাজনৈতিক সহিংসতা ও প্রতিপক্ষ দমনের সংস্কৃতি বন্ধ না হলে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। তারা শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপরিসরে নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।
বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা নিহত সাইফুল্লাহর আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, গাইবান্ধার সাঘাটা উপজেলায় সংঘর্ষের এক ঘটনায় আহত হওয়ার পর সাইফুল্লাহর মৃত্যু হয় বলে ছাত্রশিবির দাবি করেছে। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে।



