জাতীয়

শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে শাহবাগ অবরোধ

অনলাইন নিউজ ডেস্ক

গাইবান্ধার সাঘাটায় ইসলামী ছাত্রশিবিরের এক নেতার নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। রোববার (২১ জুন) রাত ১০টার দিকে এ কর্মসূচি শুরু হয়।

জানা যায়, ঢাকা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং শাহবাগ মোড়ের একাংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারের চারমাথা মোড় এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রের দাবি, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি-সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

ছাত্রশিবিরের অভিযোগ, এ সময় হামলার শিকার হন সংগঠনটির বোনারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি সাইফুল্লাহ বারী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় সালাউদ্দিন নামে আরও একজন আহত হন। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিবির নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button