সারাদেশ

কিডনি রোগীদের সেবায় প্রশংসনীয় ভূমিকা রাখছে সিলেট কিডনি ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, কিডনি রোগীদের চিকিৎসাসেবায় কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট অত্যন্ত মানবিক ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। সাশ্রয়ী মূল্যে মানসম্মত চিকিৎসা ও ডায়ালাইসিস সেবা দিয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সিলেটবাসীর আস্থা অর্জন করেছে।
বৃহস্পতিবার সিলেট সদর উপজেলার সোনাতলাস্থ কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
হাসপাতালে পৌঁছালে পরিচালনা কমিটির পক্ষ থেকে সিউকের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, ডায়ালাইসিস কার্যক্রম, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।
কয়েস লোদী বলেন, দীর্ঘদিন ধরে কিডনি রোগ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বল্প আয়ের রোগীদের সাশ্রয়ী চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে হাসপাতালটি গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। তিনি এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং হাসপাতালের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের উৎসাহ দেন।
এ সময় তিনি হাসপাতালের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা ও সাফল্য কামনা করেন।
পরিদর্শনকালে সেন্ট্রাল ডেন্টাল কলেজের সম্মানিত সদস্যবৃন্দসহ উপস্থিত ছিলেন ডা. সোলায়মান, ডা. মোস্তফা শাহজামান বাহার, ডা. আব্দুর রকিব, চন্দন সাহা, মো. আমিনুল ইসলাম এবং ডা. মুমিনুল হক।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সিউক চেয়ারম্যানের এ পরিদর্শন ও সহযোগিতার আশ্বাসকে স্বাগত জানিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button