

অনলাইন নিউজ ডেস্ক
ভেনেজুয়েলার উত্তর উপকূলে আবারও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েকদিন আগে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর নতুন এ কম্পনে দেশটির বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে সর্বশেষ ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯।
শনিবার (২৭ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত বুধবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে চলমান উদ্ধার কার্যক্রমের সময় নতুন করে ভূমিকম্প অনুভূত হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।
ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা (ইএমএসসি) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
তাৎক্ষণিকভাবে নতুন এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের বরাতে রয়টার্স জানিয়েছে, শুক্রবার মারাকাই ও রাজধানী কারাকাসে কম্পন অনুভূত হয়েছে।
এর আগে বুধবার ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সতর্ক করে জানিয়েছে, পরিস্থিতির অবনতি হলে প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
ভেনেজুয়েলা সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন। এছাড়া ১৭২ জনের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন এবং নিখোঁজ মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের কয়েকটি এলাকায় জনসাধারণের প্রবেশ সাময়িকভাবে সীমিত করা হবে।



