

অনলাইন নিউজ ডেস্ক
শহীদ জননী জাহানারা ইমাম-এর মৃত্যুবার্ষিকীকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাংস্কৃতিক-বিষয়ক সম্পাদক জায়িদ হাসান।
শনিবার (২৭ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লেখেন, ‘জাহান্নামের ইমামের মরণ দিবস আজ। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বাস্তবায়ন করেছিল বিদেশি নকশা।’ ফটোকার্ডে উল্লেখ ছিল, ‘শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ। যুদ্ধাপরাধের বিচারের দাবিকে মূলধারায় আনতে গঠন করেছিলেন গণ-আদালত।’
তার এই পোস্ট প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অনেকেই মন্তব্যটির নিন্দা জানিয়ে তার পদ স্থগিতের দাবি তোলেন।
পরবর্তীতে আরেকটি পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করে জায়িদ হাসান লেখেন, তিনি কোনো শহীদের মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেননি। তার দাবি, ‘বাংলাদেশে মব কালচারের গোড়াপত্তনকারী’ হিসেবে তিনি জাহানারা ইমামকে উল্লেখ করেছেন এবং ‘জাহান্নামের ইমাম’ শব্দটি সেই প্রেক্ষিতেই ব্যবহার করেছেন। তিনি আরও লেখেন, ‘শহীদের মা পরিচয় কারও খুনি পরিচয় মুছে দিতে পারে না। লাউড অ্যান্ড ক্লিয়ার।’



