

অনলাইন নিউজ ডেস্ক
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদকে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৭ জুন) রাতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, গুলশান থেকে আটক করার পর নুর মোহাম্মদকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। তবে তাকে কোন মামলায় আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
নুর মোহাম্মদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জামালপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি বিজয়ী হতে পারেননি।
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দুদকের আবেদনের পর ঢাকার একটি আদালত নুর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম এবং ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।



