জাতীয়

নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু পুলিশের

অনলাইন নিউজ ডেস্ক

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি প্যান্ট পরে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।

বুধবার (১ জুলাই) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে নতুন পোশাকে পুলিশ সদস্যদের দেখা যায়। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা গেছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, “আজ থেকে নতুন পোশাক পরছেন পুলিশ সদস্যরা। এখনও সব সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছেনি। পর্যায়ক্রমে সবাই এ পোশাক পাবেন।”

পুলিশ সদর দপ্তর গত ১৮ জুন বাহিনীর পোশাকের রং পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে। এর ধারাবাহিকতায় নতুন পোশাক পরিধান শুরু হলো। পর্যায়ক্রমে দেশের সব পুলিশ সদস্য নতুন পোশাক পাবেন বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button