

অনলাইন নিউজ ডেস্ক
বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় মুখোমুখি হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। ফুটবলপ্রেমীদের কাছে ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এটি হতে পারে দুই কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ।
গ্রুপ পর্বে উভয় দলই রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয়। পর্তুগাল এক জয় ও দুটি ড্রয়ে ৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় রাউন্ডে ওঠে। অন্যদিকে, ক্রোয়েশিয়া তিন ম্যাচে দুটি জয় ও একটি হারে ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে রানার্সআপ হয়।
ফিফা র্যাঙ্কিং ও সামগ্রিক শক্তিমত্তার বিচারে ক্রোয়েশিয়ার তুলনায় কিছুটা এগিয়ে রয়েছে পর্তুগাল। বর্তমানে পর্তুগালের অবস্থান অষ্টম, আর ক্রোয়েশিয়া রয়েছে ১৩তম স্থানে।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও পর্তুগালের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়ে সাতটিতে জয় পেয়েছে পর্তুগাল। ক্রোয়েশিয়ার জয় মাত্র একটি, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ উয়েফা নেশন্স লিগে একে অপরের মুখোমুখি হয়েছিল দল দুটি।
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টা সুপারকম্পিউটারও এই ম্যাচে পর্তুগালকেই এগিয়ে রাখছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬.৭ শতাংশ, ক্রোয়েশিয়ার ১৯.৬ শতাংশ এবং ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনাও ১৯.৬ শতাংশ।



