ক্যাম্পাস

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় সেই ১২ ছাত্র সাময়িক বহিষ্কার

অনলাইন নিউজ ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের (৫৪ ব্যাচ) ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৪ জুলাই) রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(৬) ধারা অনুযায়ী হল, বিভাগ বা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো ধরনের টিজিং, র‍্যাগিং বা নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ। এ বিধি লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার গভীর রাতে ইতিহাস বিভাগের ৫৪ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫ ব্যাচের নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডেকে নেন। সেখানে ‘আদব শেখানোর’ নামে তাদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও জাকসুর প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের র‍্যাগিংয়ের সময় হাতেনাতে আটক করেন।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— নাছিম উদ্দিন মজুমদার, মাহফুজুর রহমান অন্ত, আব্দুল্লাহ মাহদী, শুভাশীষ রায় প্রান্ত, আবু আবতাহী অনিক, রায়হান খান, নাঈমুল হাসান, ইসফাক হাদী, নাঈম আহমেদ সজিব, কার্তিক চন্দ্র রায়, কাজী শাহ জামশেদ আলম নাবিল এবং সাইফুল্লাহ মানসুর আনান। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button