সারাদেশ

চট্টগ্রামে টানা অতি ভারি বর্ষণে জনজীবন বিপর্যস্ত

অনলাইন নিউজ ডেস্ক

চট্টগ্রামে টানা অতি ভারি বর্ষণের ফলে নগরীর অধিকাংশ নিচু এলাকা হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ৩৩০.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

জলাবদ্ধতার কারণে নগরীর দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল এবং কর্ণফুলী নদীর জোয়ারের প্রভাবে দুর্ভোগ আরও বেড়েছে। চকবাজার, মুরাদপুর, দুই নম্বর গেট, হালিশহর, পতেঙ্গা, আগ্রাবাদ, কাতালগঞ্জ, চান্দগাঁও, বাকলিয়া, মোহরা, বড়পোল ও কমার্স কলেজসংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

অতি বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কায় জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে সোমবার থেকেই মাইকিং করছে। বিরূপ আবহাওয়ার কারণে নগরীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিকে, জলাবদ্ধতার কারণে গণপরিবহন চলাচল কমে যাওয়ায় সরকারি-বেসরকারি চাকরিজীবী, বিমানবন্দরগামী যাত্রী, পথচারী এবং শ্রমজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি পরিদর্শনে সকালে সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানান, সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে এবং জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button