সারাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের উদ্যোগে যুক্তরাজ্য ও আইআরসির সঙ্গে দুর্যোগ সহযোগিতায় দুই সমঝোতা স্মারক সই

ঢাকা,৭ জুলাই ২০২৬:

মাননীয় প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরের উদ্যোগে প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকনির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আজ যুক্তরাজ্য সরকার এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (IRC)-এর সঙ্গে আজ বিকেলে সচিবালয়ে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) সই করেছে।

সমঝোতা স্মারক দুটি বাংলাদেশের দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি, মানবিক প্রস্তুতি জোরদার এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
বাংলাদেশ সরকার এবং যুক্তরাজ্য সরকারের মধ্যে স্বাক্ষরিত প্রথম সমঝোতা স্মারকের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে একটি প্রাতিষ্ঠানিক সহযোগিতা কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে। এর আওতায় জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, যৌথ প্রশিক্ষণ, কারিগরি সহযোগিতা, জরুরি সাড়াদান কার্যক্রমে সমন্বয়, অনুসন্ধান ও উদ্ধার (Search and Rescue), জরুরি চিকিৎসা সহায়তা, মানবিক ত্রাণ সরবরাহ ব্যবস্থাপনা, বন্যা পূর্বাভাস, চাহিদা নিরূপণ এবং দুর্যোগ প্রস্তুতি বিষয়ে সহযোগিতা জোরদার করা হবে। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক সহায়তা সহজতর করা এবং দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ভিত্তি তৈরি করবে এই সমঝোতা।
দ্বিতীয় সমঝোতাটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (IRC)-এর মধ্যে স্বাক্ষরিত একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (SPMoU)। এর মাধ্যমে দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশের জাতীয় সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (FDMN) ও আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য টেকসই সমাধান নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সহায়তা, গবেষণা ও উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশলগত অংশীদারিত্ব ও সম্পদ আহরণে সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব এমপি উপস্থিত ছিলেন। তিনি বলেন, “এই দুটি সমঝোতা আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। দুর্যোগ ঝুঁকি হ্রাস ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের আন্তর্জাতিক নেতৃত্বকে আরও সুসংহত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি সহনশীলতা অর্জনের লক্ষ্য বাস্তবায়নেও এসব অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সমঝোতা স্মারক দুটিতে স্বাক্ষর করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক (Sarah Cook) এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির পক্ষে স্বাক্ষর করেন জুলিও ই. র‌্যাঙ্ক রাইট (Julio E. Rank Wright), ভাইস প্রেসিডেন্ট, অ্যাওয়ার্ডস ম্যানেজমেন্ট ইউনিট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button