জাতীয়

বুড়িগঙ্গা-তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা শহরকে বাঁচানো সম্ভব নয়: মির্জা ফখরুল

অনলাইন নিউজ ডেস্ক

বুড়িগঙ্গা ও তুরাগ নদী রক্ষা করা না গেলে ঢাকা শহরকে টিকিয়ে রাখা সম্ভব নয়—এমন সতর্কবার্তা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৫ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বুড়িগঙ্গা ও তুরাগ নদী দখলমুক্ত করে পুনরুদ্ধারের বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার-আপনার সবার দায়িত্ব’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে সবাইকে রাজধানীকে পরিচ্ছন্ন ও সুন্দর করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতির প্রধান কেন্দ্র হিসেবে ঢাকার নানা সমস্যা দীর্ঘদিন ধরে জমে রয়েছে। নগর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশনগুলোর কার্যকারিতা বাড়াতে এগুলোকে ‘নগর সরকার’ বা সিটি গভর্নমেন্টে রূপান্তরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

রাজধানীর যানজট নিরসনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ট্রাফিক জরিমানার ব্যবস্থা চালু হওয়ায় চালকদের মধ্যে ধীরে ধীরে শৃঙ্খলা ফিরে আসতে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button