সারাদেশ

টেকনাফে প্রাইভেটকারের নিচে অভিনব কায়দায় লুকানো ৮০ হাজার ইয়াবাসহ আটক ১

অনলাইন নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে নিজস্ব প্রাইভেটকার ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় গাড়ির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের সী-বিচ বিওপি চেকপোস্টে একটি সাদা রঙের করোলা ক্রস প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালায় বিজিবি।

আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার বাসিন্দা ইমন হোছাইন (২৮)। তিনি ‘অস্ট্রেলিয়া কালু’ নামে পরিচিত কবির আহাম্মদের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে গাড়িটি থামানো হয়। চালকের পরিচয় যাচাইয়ের সময় তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় গাড়িতে বিস্তারিত তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি আইফোন এবং নগদ ৭ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button