জাতীয়

আবারও পৃথকভাবে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন, মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন

অনলাইন নিউজ ডেস্ক

জাতীয় যুব দিবস আবারও প্রতি বছর ১ নভেম্বর এবং আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট পৃথকভাবে পালনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হতো। তবে অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী উভয় দিবস ১২ আগস্ট একসঙ্গে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৫ সালে দুই দিবস একসঙ্গে পালনের সময় বর্ষাকাল হওয়ায় বৃষ্টির কারণে যুব র‌্যালি, যুব সমাবেশ ও যুব মেলা সফলভাবে আয়োজন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয়ের ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হন।

এছাড়া জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুব মেলার আয়োজন করলে প্রত্যাশিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য পাওয়া যায় না বলেও উল্লেখ করা হয়। জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি, বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, আগামীতে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস পৃথকভাবে উদযাপন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button