দূর্ঘটনা

সিলেট নগরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত

অনলাইন নিউজ ডেস্ক

সিলেট নগরের চৌখিদেখি পয়েন্ট এলাকায় সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হারিছ আলী (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চৌখিদেখি পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারিছ আলী গোয়াইনঘাট থানার হাদারপাড় এলাকার মৃত বাহাদুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হারিছ আলী মারা যান। অপর আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, দুর্ঘটনার সময় হারিছ আলী একটি সিএনজির পেছনের সিটে বসা ছিলেন। তিনি কোনো কিছু ধরে না বসায় সংঘর্ষের সময় গাড়ির গ্রিলের সঙ্গে আঘাত লেগে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের দুই ছেলের সঙ্গে পুলিশের কথা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button