

দীর্ঘ সাড়ে চার বছর পর ওয়ানডে ক্রিকেটের শীর্ষস্থান ফিরে পেয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু দুর্ভাগ্য এই ভারতীয় ক্রিকেটারের। মাত্র এক সপ্তাহের মধ্যেই তিনি তার সিংহাসন হারিয়ে ফেলেছেন।
আজ নতুন করে আইসিসি ঘোষিত র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানটি দখল করে নিয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ভারতের মাটিতেই দাপট দেখাচ্ছেন মিচেল। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে তার দল ২-১ ব্যবধানে হারিয়েছে ভারতকে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মিচেল এবং কোহলি দুজনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। মিচেলের ১৩১ বলে ১৩৭ রানের জবাবে কোহলি খেলেন ১০৮ বলে ১২৪ রানের ইনিংস। এই ম্যাচে ৪১ রানে জিতে নিউজিল্যান্ড। এর পরেই র্যাঙ্কিংয়ে কোহলিকে টপকে শীর্ষে উঠে আসেন ড্যারিল মিচেল।
এছাড়া রোহিত শর্মা চার নম্বরে নেমে গেছেন, আর আফগানিস্তানের ইবরাহিম জাদরান তিনে উঠে এসেছেন। লোকেশ রাহুল শীর্ষ দশে ঢুকেছেন, ১ ধাপ এগিয়ে ১০ম স্থানে অবস্থান করছেন তিনি। তাকে জায়গা করে দিতে গিয়ে ১ ধাপ পিছিয়ে ১১তম স্থানে চলে গেছেন শ্রেয়াস আইয়ার।
নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস বড় লাফ দিয়ে ১৬ ধাপ এগিয়ে ২০ নম্বরে রয়েছেন। স্বদেশী উইল ইয়ং ১০ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে অবস্থান করছেন। মাইকেল ব্রেসওয়েল ৪ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে রয়েছেন।
অলরাউন্ডারদের মধ্যে ১৪ ধাপ এগিয়ে ৩১ নম্বরে অবস্থান করছেন গ্লেন ফিলিপস। তালিকার শীর্ষে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। বোলারদের মধ্যে ৪ ধাপ পিছিয়ে ৭ম স্থানে নেমে গেছেন ভারতের কুলদীপ যাদব, আর ৬ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল।
ভারতের হার্শিত রানা ২৭ ধাপ এগিয়ে ৫০তম স্থানে আছেন, আর আর্শদ্বীপ সিং ১৫ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে রয়েছেন।
বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান, দুইয়ে রয়েছেন ইংল্যান্ডের জফরা আর্চার।
টি-টোয়েন্টি বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন বরুণ চক্রবর্তী। দুইয়ে ২ ধাপ উন্নতি করা আফগান তারকা রশিদ খান। আরেক আফগান স্পিনার মুজিব উর রহমান ২ ধাপ এগিয়ে ১৪ নম্বরে রয়েছেন। ব্যাটারদের মধ্যে ইবরাহিম জাদরা ৫ ধাপ এগিয়ে ১৫তম স্থানে রয়েছেন।



