জাতীয়

সুপারিশপ্রাপ্ত ৪১ হাজার ৬২৭ শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত ৪১,৬২৭ জন শিক্ষকের বিস্তারিত তথ্য চেয়েছে। ২০২৫ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখা রবিবার একটি তাগিদপত্র পাঠিয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে তথ্য প্রেরণের নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব হুরে জান্নাত স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, ৬ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

পত্রে নির্দেশ দেওয়া হয়েছে, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কতজন ইতোমধ্যে যোগদান করেছেন এবং কতজনের যোগদান সম্ভব হয়নি, তার সঠিক পরিসংখ্যান দাখিল করতে হবে। এছাড়া যোগদানের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা বা অন্যান্য সমস্যার বিষয়েও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

গত ৭ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে মাউশি অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী তথ্য সংগ্রহ প্রক্রিয়া শুরু করা হয়েছে। নির্দেশনায় নির্দিষ্ট ছকে তথ্য প্রদানের অনুরোধ করা হয়েছে, যেখানে থাকবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকের নাম ও নিবন্ধন নম্বর, সুপারিশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের নাম, যোগদানের তারিখ, এমপিওভুক্ত না হলে কারণ ও সংশ্লিষ্ট মন্তব্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button