

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) লেনদেনে সাময়িক সীমা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় বিকাশ, রকেট ও নগদসহ মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। একেকটি লেনদেনের সর্বোচ্চ সীমা ধরা হচ্ছে এক হাজার টাকা।
এছাড়া ব্যাংকিং চ্যানেলের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তিতে টাকা স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখা হবে। আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে বলে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
নির্বাচনকে ঘিরে ভোটারদের প্রভাবিত করতে অবৈধ অর্থ লেনদেন ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের অনুরোধের ভিত্তিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) পরিকল্পনাটি প্রণয়ন করছে এবং তা বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে লেনদেন সীমার পরিমাণ পরিস্থিতি অনুযায়ী কিছুটা পরিবর্তিত হতে পারে।
এদিকে নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রেও নজরদারি বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, এতে নির্বাচনের সময় অর্থের অপব্যবহার কমবে। তবে প্রার্থীদের ঘোষিত নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, পাশাপাশি সমর্থকদের আর্থিক সহায়তাও অনুমোদিত থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী অর্থ লেনদেন সীমিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে কাজ চলছে এবং চলতি সপ্তাহেই প্রজ্ঞাপন জারি করা হবে।



