ফাহিম আল চৌধুরীর বক্তব্যের ভুল ব্যাখ্যার প্রতিবাদে সাংবাদিক সুজাদ
ভিউ ব্যবসায়ী ও সাংবাদিকতাকে এক করে দেখাই মূল বিভ্রান্তি—ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করে লিখেন ৭১ টিভি সিনিয়র রিপোর্টার হোসাইন আহমেদ সুজাদ


সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর একটি বক্তব্যকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন ৭১ টিভির সিনিয়র রিপোর্টার হোসাইন আহমেদ সুজাদ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ফাহিম আল চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে কোনো গালিগালাজ করেননি; বরং তিনি কথা বলেছেন তথাকথিত ‘ভিউ ব্যবসায়ীদের’ বিরুদ্ধে, যারা নেগেটিভ কনটেন্ট ছড়িয়ে ভিউ ও আলোচনার বাজার গরম রাখাকে পেশা বানিয়েছে।
সুজাদ লিখেছেন, বর্তমান সময়ে নানা রকমের ভিউ ব্যবসা চলছে, যা সচেতন যে কেউই উপলব্ধি করেন। তিনি সাংবাদিকতা ও ভিউ ব্যবসার মধ্যে পার্থক্য টেনে বলেন, সাংবাদিকতা মানে তথ্য যাচাই, দায়িত্বশীল সমালোচনা ও জনস্বার্থে কাজ করা। আর ভিউ ব্যবসা মানে উদ্দেশ্যপ্রণোদিত নেগেটিভ কনটেন্ট দিয়ে ক্লিক আর আলোচনার বাজার তৈরি করা।
ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, ফাহিম আল চৌধুরী কোথাও বলেননি যে সাংবাদিকরা পেট চালাতে নেগেটিভ খবর করেন। বরং তিনি বলেছেন, এক শ্রেণির মানুষ আছে যাদের নেগেটিভ ছাড়া ভিউ চলে না। এটিকে অপমান নয়, বাস্তবতা হিসেবে দেখার আহ্বান জানান সুজাদ।
এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এত বড় প্রতিক্রিয়া দেখানোর আগে বিষয়টি সহজভাবে ভাবা উচিত ছিল—ফাহিম আল চৌধুরী কাদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন, সাংবাদিকদের নাকি ভিউ ব্যবসায়ীদের?
সুজাদের মতে, ভুল ব্যাখ্যার ওপর দাঁড়িয়ে সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিকতার শক্তির পরিচয় নয়; বরং এতে সাংবাদিকতা পেশাই প্রশ্নবিদ্ধ হয়। কারণ সাংবাদিকের কাজ তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো নয়, বরং বিশ্লেষণ করা।
স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, কথা কঠিন হতে পারে, কিন্তু সত্য এটাই—ভিউ ব্যবসা আর সাংবাদিকতা এক জিনিস নয়, আর এই দুটিকে এক করে দেখাই বর্তমান বিতর্কের মূল সমস্যা।



