জাতীয়

কুমিল্লায় স্কুলের শ্রেণিকক্ষে বিএনপি নেতাদের জুয়ার আসর, ভিডিও ভাইরাল

অনলাইন নিউজ ডেস্ক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার জুয়ার আসরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২ জুন) ভিডিওটি ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দুলালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদ আলমের নেতৃত্বে জুয়ার আসর বসতে দেখা যায়। এ সময় বিএনপি নেতা এরশাদ জামান, রুবেল মিয়া এবং যুবদল নেতা মাহবুব মেম্বারও উপস্থিত ছিলেন। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকার সময় শ্রেণিকক্ষে এ জুয়ার আসর বসানো হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে জুয়া ও মাদকের আড্ডা চলে আসছে। স্থানীয় প্রভাবশালীদের সম্পৃক্ততার কারণে বিষয়টি নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পান না।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি সামনে আসে। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কেউ ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, ভিডিওটি তাদের নজরে এসেছে এবং ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ভিডিওটি দেখার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে জুয়ার আসরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী ও প্রধান শিক্ষককেও জবাবদিহিতার আওতায় আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button