জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম

অনলাইন নিউজ ডেস্ক

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে সাইপ্রাসে যাওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।

বুধবার (৩ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদান, সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে শান্তিরক্ষীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

লে. জেনারেল মিনহাজুল আলম আগামী শুক্রবার (৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করার পর তিনি সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (UNFICYP)-এর ২৩তম ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

বাংলাদেশের ইতিহাসে তিনি অষ্টম সেনা কর্মকর্তা, যিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এর আগে সাতজন বাংলাদেশি সেনা কর্মকর্তা বিশ্বের আটটি পৃথক শান্তিরক্ষা মিশনে সফলভাবে এ দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ থেকে প্রথম ফোর্স কমান্ডার হিসেবে ১৯৯৩ সালে মোজাম্বিকে দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল (মরহুম) আনিসুর রহমান। পরবর্তী সময়ে একই মিশনে দায়িত্ব পালন করেন মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আবদুস সালাম। এছাড়া মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর সুদানে, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবু তায়েব মুহাম্মদ জহিরুল আলম লাইবেরিয়ায়, মেজর জেনারেল আবদুল হাফিজ আইভরি কোস্ট ও পশ্চিম সাহারায় এবং মেজর জেনারেল (অব.) মোহাম্মদ হুমায়ুন কবির সাইপ্রাসে ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে পশ্চিম সাহারায় জাতিসংঘ মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল মো. ফখরুল আহসান। লে. জেনারেল মিনহাজুল আলম সাইপ্রাসে দায়িত্ব গ্রহণ করলে একই সময়ে দুইজন বাংলাদেশি সেনা কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার পর্যায়ে দায়িত্ব পালন করবেন, যা বাংলাদেশের জন্য বিশেষ সম্মান ও গৌরবের বিষয়।

দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ মর্যাদা অর্জন করেছে। লে. জেনারেল মিনহাজুল আলমের এ নিয়োগ সেই গৌরবময় ধারাবাহিকতার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, সাইপ্রাসে পরিচালিত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (UNFICYP) জাতিসংঘের দীর্ঘতম সময় ধরে চলমান শান্তিরক্ষা মিশনগুলোর অন্যতম। ১৯৬৪ সালে গ্রিক ও তুর্কি সাইপ্রিয়ট সম্প্রদায়ের মধ্যে সংঘাত প্রতিরোধ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে মিশনটি প্রতিষ্ঠিত হয়। এর প্রধান দায়িত্ব হলো ‘গ্রিন লাইন’ নামে পরিচিত জাতিসংঘের বাফার জোন রক্ষণাবেক্ষণ এবং বিদ্যমান যুদ্ধবিরতি রেখাগুলোর তদারকি করা।

মিশনটিতে বর্তমানে অনুমোদিত জনবল ১,০৯০ জন। ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত সেখানে ৭২৭ জন সামরিক সদস্য, ৬০ জন পুলিশ কর্মকর্তা এবং ১৪৮ জন বেসামরিক কর্মী দায়িত্ব পালন করছিলেন।

জাতিসংঘের এ মিশনে আর্জেন্টিনা, অস্ট্রিয়া, বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, চিলি, ইকুয়েডর, ঘানা, হাঙ্গেরি, ভারত, মঙ্গোলিয়া, পাকিস্তান, প্যারাগুয়ে, রাশিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং যুক্তরাজ্যসহ ১৮টি দেশের সামরিক সদস্যরা অংশগ্রহণ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button