

অনলাইন নিউজ ডেস্ক
ফেনী জেলা দল থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগীয় দল এবং বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করে শীর্ষ পর্যায়ে খেলার স্বপ্ন দেখছিলেন প্রতিভাবান তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়। তবে সেই স্বপ্নের পথেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ক্যান্সার। তার চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে বিসিবি সভাপতি তামিম ইকবাল হৃদয়ের চিকিৎসায় সহায়তার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে বিসিবি চিকিৎসা ব্যয়ের জন্য ৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে।
বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হৃদয়ের বাবার হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
এক বিবৃতিতে বিসিবি জানায়, চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের প্রতিশ্রুতিশীল ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের শরীরে সম্প্রতি অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) ধরা পড়েছে। তার চিকিৎসায় সহায়তা করতেই বিসিবির পক্ষ থেকে ৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে।



